দেশে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ পলকের
যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ পরিদর্শন এবং বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ভারতের ব্যাঙ্গালুরে হোটেল তাজ ওয়েস্ট এন্ডে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের ফোরাম জি২০ সম্মেলন শেষে শনিবার যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি মন্ত্রী পল স্কুলির সাথে সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।
এসময় তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, ক্যাশলেস ইকোনমি, স্টার্টআপ বিনিময়, বিটুবি ম্যাচমেকিং এর মতো দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সকলের উপকারে আসে এমন একটি ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করার জন্য তারা একমত পোষণ করেন। এছাড়াও যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ পরিদর্শন এবং বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানান আইসিটি প্রতিমন্ত্রী।

এছাড়াও সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডের ইন্টেরিয়র অ্যান্ড কিংডম বিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপি-এর সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদেরসহ জি২০ এবং অতিথি দেশসমূহের প্রতিনিধিদের সাথে পৃথক পৃথক বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রসঙ্গত, জি-২০,হচ্ছে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর ফোরাম। ১৯টি দেশ এবং ইইউ নিয়ে গঠিত ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।







